কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবাও গুরুতর আহত
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
ছবি-সংগৃহীত
বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম :
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে ছেলের ছুরিকাঘাতে মুনিরা বেগম (৫৫) নামে এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর অবসরপ্রাপ্ত প্রকৌশলী স্বামী সরদার আলী (৬৫)। বুধবার (১৪ অক্টোবর) ভোরে সদর উপজেলার খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের পেছনে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মোস্তাকিন আলম শোভন (৩৫) পলাতক রয়েছেন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শোভন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। তাঁকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়েছিলেন তাঁর বাবা-মা। তবে প্রতিবারই সেখান থেকে পালিয়ে আসেন তিনি। সম্প্রতি তাঁকে আবারও নিরাময় কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি নেন বাবা-মা। এ নিয়ে শোভনের আপত্তি ছিল।
বুধবার ভোরে সিরাজগঞ্জ থেকে আসা একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা শোভনকে নিতে তাঁদের বাড়িতে অপেক্ষা করছিলেন। বিষয়টি বুঝতে পেরে শোভন ঘর থেকে বের হয়ে বাড়িতে থাকা ছুরি দিয়ে তাঁর মায়ের বুকে আঘাত করেন। এ সময় স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে বাবার পেটেও উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি।
পরে মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা গুরুতর আহত মুনিরা বেগম ও সরদার আলীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক মুনিরা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সরদার আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খলিলগঞ্জের একটি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাদের বলেন, অভিযুক্ত ছেলে মাদকাসক্ত বলে পরিচিত। তাঁর কারণে কলেজশিক্ষক বড় ভাইও বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া থাকেন। যে মা ছেলেকে আগলে রেখেছিলেন, সেই মায়েরই তাঁর হাতে প্রাণ গেল। বাবার অবস্থাও আশঙ্কাজনক।
তিনি আরও বলেন, “সব জায়গায় মাদকের ছড়াছড়ি, মাদক সহজলভ্য। অনেক তরুণ ও যুবক মাদকে আসক্ত হয়ে পড়েছে। আজকের ঘটনা মাদকের কারণেই হয়েছে। আমরা সবাই অনিরাপদ হয়ে পড়ছি। আমাদের সন্তানদের মাদকের ছোবল থেকে রক্ষা করবে কে?
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তাঁকে আটকের জন্য জোর চেষ্টা চলছে।